প্রিন্ট এর তারিখ : ১০ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপির নির্বাচনী জনসমাবেশে হট্টগোলা
||
জয়পুরহাট প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাট-২ (ক্ষেতলাল-কালাই-আক্কেলপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী, সাবেক জেলা প্রশাসক (ডিসি) আব্দুল বারী-এর ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ চলাকালে একপর্যায়ে নাম ঘোষণা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে হট্টগোল ও উত্তেজনার সৃষ্টি হয়।শনিবার বিকেলে ক্ষেতলাল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত এ জনসমাবেশে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ অংশ নেন। সমাবেশস্থল ও আশপাশের এলাকা ধানের শীষের স্লোগানে মুখর হয়ে ওঠে।জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আব্দুল বারী বলেন,“দীর্ঘদিন ধরে মানুষতাদের ভোটাধিকার থেকে বঞ্চিত। জনগণের সরকার প্রতিষ্ঠা করাই বিএনপির মূল লক্ষ্য। জয়পুরহাট-২ আসনের মানুষের উন্নয়ন, ন্যায়বিচার ও সুশাসন নিশ্চিত করতে আমি প্রতিশ্রুতিবদ্ধ।”তিনি আরও বলেন, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির রাজনীতি নয়-জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিত্বই দেশকে এগিয়ে নিতে পারে। সমাবেশে উপজেলা ও পৌর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা আব্দুল বারীর পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।তবে অভিযোগ উঠেছে, কর্মসূচিতে মিছিল নিয়ে অংশগ্রহণকারী ক্ষেতলাল থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী আশিক পার্থ এবং জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তবিবুর রহমান-এর নাম মঞ্চ থেকে ঘোষণা না করায় নেতাকর্মীদের একাংশ ক্ষোভ প্রকাশ করেন। এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং হট্টগোলের সৃষ্টি হয়।এ ঘটনায় কয়জন আহত হয়েছেন তা নিশ্চিত হওয়া না গেলেও, প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে একাধিক নেতাকর্মী আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় বিএনপি নেতা খালেদুল মাসুদ আঞ্জুমান। এ সময় উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।সমাবেশ শেষে নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের পক্ষে এলাকায় গণসংযোগে অংশ নেন।
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত