প্রিন্ট এর তারিখ : ০২ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ মার্চ ২০২৬
ঈদযাত্রায় ট্রাফিক জ্যাম নেই, আছে চরম ভোগান্তিা
||
নিজস্ব প্রতিবেদক : ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে এবারের ঈদযাত্রায় দেখা দিয়েছে এক অদ্ভুত চিত্র। মহাসড়ক যানজটমুক্ত থাকলেও গণপরিবহন সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন উত্তরবঙ্গগামী হাজারো মানুষ। বাসের অপেক্ষায় ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকে বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে ট্রাক ও পিকআপে করে বাড়ি ফিরছেন অনেকে।মঙ্গলবার বিকেল পর্যন্ত মহাসড়কের রাবনা বাইপাস ও এলেঙ্গা বাসস্ট্যান্ডে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। বেসরকারি চাকুরিজীবী মোবারক হোসেন জানান, "রাস্তায় জ্যাম নেই শুনে খুশি হয়েছিলাম, কিন্তু এক ঘণ্টা দাঁড়িয়েও কোনো বাস পাচ্ছি না। অন্যদিকে, রোকয়া বেগম নামের এক যাত্রী অভিযোগ করেন, স্বাভাবিক সময়ে টাঙ্গাইল থেকে সিরাজগঞ্জের ভাড়া ১০০ টাকা হলেও এখন ৩০০ টাকা দাবি করা হচ্ছে। তীব্র গরম আর ধুলাবালিতে নারী ও শিশুদের কষ্ট চরমে পৌঁছেছে।যমুনা সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার রাত ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় মোট ৩৫ হাজার ৬৫৪টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গগামী ২০ হাজার ৭৫টি এবং ঢাকাগামী ১৫ হাজার ৫৮৩টি যানবাহন ছিল। এতে সর্বমোট টোল আদায় হয়েছে ২ কোটি ৮৪ লাখ ৪৯ হাজার ৭০০ টাকা।যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, যানজট এড়াতে এবার উভয় অংশে মোট ১৮টি টোল বুথ (মোটরসাইকেলের আলাদা লেনসহ) চালু রাখা হয়েছে। সেতুর ওপর দুর্ঘটনা সামলাতে রেকার এবং জরুরি জ্বালানি সরবরাহের ব্যবস্থাও রয়েছে।টাঙ্গাইলের ট্রাফিক ইন্সপেক্টর আনিসুর রহমান জানান, মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও কোথাও স্থবিরতা নেই। প্রায় ৭০০ পুলিশ সদস্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন যাতে মানুষের ঈদযাত্রা স্বস্তিদায়ক হয়।
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত