প্রিন্ট এর তারিখ : ২৩ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ মার্চ ২০২৬
দুবাইয়ের শাসকের সঙ্গে ছবি দিয়ে নিষিদ্ধ ইরানের তারকা ফুটবলারা
||
আসন্ন ফুটবল বিশ্বকাপে অংশ নেওয়া নিয়ে এমনিতেই ঘোর অনিশ্চয়তায় রয়েছে ইরান। এর মধ্যেই নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে দেশটি। সরকারের সঙ্গে ‘বিশ্বাসঘাতকতার’ অভিযোগে জাতীয় দল থেকে বহিষ্কার করা হয়েছে ইরানের অন্যতম তারকা ফুটবলার সরদার আজমুনকে। বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের ক্লাব শাবাব আল-আহলির হয়ে খেলছেন আজমুন। সম্প্রতি ইনস্টাগ্রামে দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের সঙ্গে সাক্ষাতের একটি ছবি পোস্ট করেন তিনি। আর এতেই বাধে বিপত্তি। এমন ছবি পোস্ট করাকে ভালোভাবে নেয়নি সরকার। বিতর্কের মুখে পরে ছবিটি মুছে ফেললেও রাষ্ট্রীয় টেলিভিশনে তাকে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়।ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস-ঘনিষ্ঠ ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদনে জাতীয় দলের একটি সূত্রের বরাত দিয়ে আজমুনের বাদ পড়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এ বিষয়ে অবশ্য ইরানের ফুটবল ফেডারেশন তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে নোভাদ নিউজ চ্যানেলের খবরে দাবি করা হয়েছে, শুধু জাতীয় দল থেকে বহিষ্কারই নয়, আজমুন ছাড়াও সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ফরোয়ার্ড মেহদি ঘায়েদি ও সাবেক আন্তর্জাতিক ফুটবলার সোরুশ রাফিয়েইয়ের সম্পদ জব্দের নির্দেশ দেওয়া হয়েছে।যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে বিশ্বকাপ। মধ্যপ্রাচ্যে চলমান ভূরাজনৈতিক উত্তেজনার কারণে ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ এমনিতেই বেশ জটিল হয়ে পড়েছে। শেষ পর্যন্ত তারা অংশ নিলেও আজমুনের অনুপস্থিতি দলটির আক্রমণভাগের জন্য বড় এক ধাক্কা হবে।২০১৪ সালে জাতীয় দলে অভিষেকের পর ৯১ ম্যাচে ৫৭ গোল করেছেন এই স্ট্রাইকার। দেশের হয়ে খেলেছেন ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে। ৩১ বছর বয়সী এই ফরোয়ার্ড জেনিত সেন্ট পিটার্সবার্গ, বায়ার লেভারকুসেন ও এএস রোমার মতো ইউরোপিয়ান ক্লাবের হয়েও মাঠ মাতিয়েছেন।
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত