প্রিন্ট এর তারিখ : ২৭ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬
ট্রাম্পকে হত্যা করতে যে পরিকল্পনা নিয়েছিলেন শিক্ষক অ্যালেনা
||
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক নৈশভোজ অনুষ্ঠানে গুলিবর্ষণের ঘটনায় ৩১ বছর বয়সী কোল টমাস অ্যালেন নামের এক সন্দেহভাজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঘটনাটি ঘিরে হিলটন হোটেলসহ পুরো এলাকা জুড়ে ব্যাপক নিরাপত্তা সতর্কতা জারি করা হয়।পুলিশ জানায়, ক্যালিফোর্নিয়ার টরেন্স এলাকার বাসিন্দা অ্যালেন পেশায় শিক্ষক। তিনি ঘটনার আগে থেকেই হোটেলের একটি কক্ষ ভাড়া নিয়ে অতিথি হিসেবে অবস্থান করছিলেন। পরবর্তীতে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করলে তাকে আটক করা হয়।তল্লাশিতে তার কাছ থেকে একটি শটগান, একটি হ্যান্ডগান এবং একাধিক ছুরি উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ। আটক করার সময় ঘটনাস্থলে পুলিশের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটে, এতে এক কর্মকর্তা আহত হন। তবে তার বুলেটপ্রুফ জ্যাকেট থাকায় বড় ধরনের ক্ষতি এড়ানো গেছে।ঘটনার পর প্রকাশিত ছবিতে দেখা যায়, অ্যালেনকে মাটিতে উপুড় করে হাতকড়া পরিয়ে নিয়ন্ত্রণে নেয়া হচ্ছে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরে এক প্রতিক্রিয়ায় তাকে মানসিকভাবে অসুস্থ বলে মন্তব্য করেন।ওয়াশিংটনের ফেডারেল প্রসিকিউটর জানান, অভিযুক্তের বিরুদ্ধে সহিংস অপরাধে আগ্নেয়াস্ত্র ব্যবহার এবং ফেডারেল কর্মকর্তার ওপর বিপজ্জনক অস্ত্র দিয়ে হামলার অভিযোগ আনা হয়েছে। সোমবার তাকে আদালতে হাজির করা হবে এবং তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে আরও অভিযোগ যুক্ত হতে পারে।মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে একটি লম্বা বন্দুক ও একাধিক গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এফবিআই ও সিক্রেট সার্ভিস যৌথভাবে ঘটনার উদ্দেশ্য ও পেছনের কারণ খতিয়ে দেখছে।ঘটনার সময় ট্রাম্প মঞ্চে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন। নিরাপত্তা বাহিনী দ্রুত তাকে সরিয়ে নেয় এবং পরে নিরাপদ স্থানে পৌঁছে দেয়। উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।তদন্তে জানা গেছে, অ্যালেন ২০১৭ সালে ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক এবং পরবর্তীতে কম্পিউটার সায়েন্সে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। রাজনৈতিকভাবে তিনি ডেমোক্র্যাটদের প্রতি সহানুভূতিশীল ছিলেন বলে কিছু আর্থিক অনুদানের তথ্য থেকে জানা গেছে।স্থানীয় প্রতিবেশীরা তাকে শান্ত ও স্বাভাবিক আচরণের মানুষ হিসেবে বর্ণনা করেছেন। তারা জানান, পরিবারটি এলাকায় খুবই সাধারণ জীবনযাপন করত এবং কারও সঙ্গে বিরোধের কোনো ঘটনা শোনা যায়নি।ঘটনার পর মার্কিন প্রশাসন জানিয়েছে, নিরাপত্তা ব্যর্থতার দিকগুলো খতিয়ে দেখা হচ্ছে। এদিকে, স্থগিত হওয়া অনুষ্ঠানটি আগামী ৩০ দিনের মধ্যে পুনরায় আয়োজনের ঘোষণা দিয়েছেন ট্রাম্প।
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত