প্রিন্ট এর তারিখ : ০১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬
হাজারীবাগে কিশোরের রহস্যজনক মৃত্যু, ঝুলন্ত মরদেহ উদ্ধারা
অনলাইন ডেস্ক ||
রাজধানীর হাজারীবাগে মো. নাঈম (১৭) নামে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (৪ জুলাই) দিবাগত রাতে হাজারীবাগের টালি অফিস এলাকায় এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত ১টার দিকে মৃত ঘোষণা করেন।ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।নিহতের বাবা আব্দুল মান্নান জানান, তিনি ও তার ছেলে ভ্যানে করে আম বিক্রি করতেন। ঘটনার সময় তিনি পাশের একটি গলিতে ছিলেন।বৃষ্টির কারণে রাতে বাসায় ফিরে তিনি ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে জানালা দিয়ে ছেলেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় দরজার ছিটকিনি ভেঙে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।নাঈম সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার চানপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে। বর্তমানে পরিবারের সঙ্গে হাজারীবাগের টালি অফিস এলাকায় বসবাস করতেন। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সবার ছোট।পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত