ঢাকা    বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
দৈনিক দৃষ্টি

লাইফ স্টাইল

ভালোবাসার শক্তি: অসুস্থ স্বামীকে পা ধরে হাঁটাচ্ছেন স্ত্রী

নওগাঁর বদলগাছী উপজেলা পরিষদ চত্বরে এক হৃদয়স্পর্শী দৃশ্য নজরে এসেছে। অসুস্থ স্বামীকে পা ধরে হাঁটতে সহায়তা করছেন স্ত্রী- এমন ব্যতিক্রমী মুহূর্তে থমকে দাঁড়ান আশপাশের মানুষ, অনেকের চোখে ভেসে ওঠে আবেগ।রোববার  বেলা ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে দেখা যায়, প্রায় ২৫ বছর বয়সী এক যুবক ক্রাচের সাহায্যে চলার চেষ্টা করছেন। তার একটি পা ভাঙা, অন্য পাটি স্ত্রীর হাতের ওপর ভর করে এগোচ্ছেন। পাশে থাকা স্ত্রী বিথি স্বামীর পা ধরে রেখে তাকে হাঁটতে সহায়তা করছেন। মাঝেমধ্যে ক্লান্ত হয়ে বসে বিশ্রাম নিচ্ছেন, এরপর আবার ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন দুজন।আহত যুবকের নাম এনামুল। তিনি বদলগাছী উপজেলার জাবারীপুর ইউনিয়নের সামপুর গ্রামের বাসিন্দা এবং পেশায় ট্রাক শ্রমিক। প্রায় দুই মাস আগে রাতে কাজে যাওয়ার পথে দুর্বৃত্তদের হামলার শিকার হন তিনি। এ সময় তাকে মারধর করে নদীতে ফেলে দিলে তার পা ভেঙে যায়।বর্তমানে অর্থাভাবে যথাযথ চিকিৎসা করাতে পারছেন না এনামুল। মানবেতর জীবনযাপন করছেন তিনি। তিনি বলেন, “একটি হুইলচেয়ার পেলে চলাফেরা করতে সুবিধা হতো। তাই ইউএনও স্যারের কাছে আবেদন করতে এসেছি।” সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তার আবেদন গ্রহণ করা হয়েছে।এদিকে স্ত্রী বিথি বলেন, “তার এক পা মাটিতে রাখতে পারে না। তাই আমি পা ধরে রাখি, যেন আমার হাতের ওপর ভর করে একটু হলেও হাঁটতে পারে।”ঘটনাস্থলে উপস্থিত লোকজন জানান, এমন দৃশ্য তারা আগে দেখেননি। স্বামী-স্ত্রীর এই সংগ্রাম ও ভালোবাসা তাদের গভীরভাবে নাড়া দিয়েছে।স্থানীয়দের দাবি, দ্রুত এনামুলের চিকিৎসা নিশ্চিত করা এবং একটি হুইলচেয়ারের ব্যবস্থা করা হলে তার চলাচল অনেকটাই সহজ হবে।

ভালোবাসার শক্তি: অসুস্থ স্বামীকে পা ধরে হাঁটাচ্ছেন স্ত্রী