ঢাকা    বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
দৈনিক দৃষ্টি

জাতীয়

জ্বালানি মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে বাসভাড়া পুনর্নির্ধারণ বৃহস্পতিবার

দৃষ্টি প্রতিবেদক :জ্বালানি তেলের দাম বাড়ার প্রেক্ষাপটে গণপরিবহনের নতুন ভাড়া আগামী বৃহস্পতিবার (২৩ এপ্রিল) নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।বুধবার সচিবালয়ে যানবাহনের ভাড়া বৃদ্ধি সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।মন্ত্রী বলেন, ভাড়া পুনর্নির্ধারণের বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি। আগামীকাল বৃহস্পতিবারের মধ্যেই এ বিষয়ে একটি সুনির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণ করা হবে।তিনি আরও জানান, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। এর প্রভাব বাংলাদেশেও পড়েছে, যেখানে গত প্রায় দেড় মাস ধরে জ্বালানি তেলের সরবরাহ ও দামে চাপ লক্ষ্য করা যাচ্ছে। পরিস্থিতি বিবেচনায় সরকার সব ধরনের জ্বালানি তেলের দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেয়।জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেলের দাম ১০০ টাকা থেকে বাড়িয়ে ১১৫ টাকা, অকটেন ১২০ টাকা থেকে ১৪০ টাকা, পেট্রোল ১১৬ টাকা থেকে ১৩৫ টাকা এবং কেরোসিন ১১২ টাকা থেকে ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এই মূল্য ১৯ এপ্রিল মধ্যরাত থেকে সারা দেশে কার্যকর হয়েছে।জ্বালানির দাম বাড়ার পরপরই গণপরিবহনের ভাড়া বৃদ্ধির দাবি জানিয়ে তৎপর হয়ে ওঠেন পরিবহন মালিক ও শ্রমিকরা। যদিও এখনো সরকারিভাবে ভাড়া বাড়ানোর ঘোষণা দেওয়া হয়নি, তবুও দেশের বিভিন্ন স্থানে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া যাচ্ছে। এ নিয়ে যাত্রী ও পরিবহন শ্রমিকদের মধ্যে কোথাও কোথাও উত্তেজনা ও বাকবিতণ্ডার ঘটনাও ঘটেছে। এমন পরিস্থিতিতে সরকারিভাবে নতুন ভাড়া ঘোষণা না হওয়া পর্যন্ত যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় না করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।

জ্বালানি মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে বাসভাড়া পুনর্নির্ধারণ বৃহস্পতিবার