বাংলাদেশ জাতীয় দলে এক যুগের বেশি সময় ধরে পেস আক্রমণের অংশ ছিলেন রুবেল হোসেন। ২০২৫ সালের ১৫ এপ্রিল সামাজিক যোগাযোগমাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দেন এই ডানহাতি পেসার। দীর্ঘ ক্যারিয়ারের অবসানকে ঘিরে তাকে আনুষ্ঠানিকভাবে সম্মান জানাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।সোমবার শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় ওয়ানডের আগে আয়োজন করা হয় রুবেলের বিদায়ী সংবর্ধনা। পূর্বনির্ধারিত এই অনুষ্ঠানে তার সঙ্গে ছিলেন পরিবারের সদস্যরাও। বিসিবির পক্ষ থেকে তার হাতে তুলে দেওয়া হয় বিশেষ স্মারক এবং জাতীয় দলের তিন সংস্করণের জার্সি বাঁধাই করা স্মৃতি উপহার।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি তামিম ইকবাল এবং পরিচালক রফিকুল ইসলাম বাবু। তারা যৌথভাবে রুবেল ও তার ছেলের হাতে বিদায়ী সম্মাননা তুলে দেন।আবেগঘন এই মুহূর্তে রুবেল বলেন, “আমি যখন অবসর নিই, তখন বিসিবি সভাপতি আমাকে ফোন দিয়ে বিদায়ী সংবর্ধনার কথা জানান। এমন আয়োজনের জন্য আমি বিসিবির প্রতি কৃতজ্ঞ।”জাতীয় দলের দীর্ঘ যাত্রার স্মৃতিচারণ করতে গিয়ে তিনি আরও বলেন, “২০০৯ সালে অভিষেকের সময় থেকে যারা আমার পাশে ছিলেন—কোচ, গ্রাউন্ডসম্যান, সতীর্থ সবাইকে ধন্যবাদ জানাই।”নিজের ক্রিকেটীয় পথচলার পেছনের গুরুত্বপূর্ণ মানুষদের একজন হিসেবে তিনি বিশেষভাবে উল্লেখ করেন সারোয়ার ইমরানকে। রুবেলের ভাষায়, “পেসার হান্ট থেকে আমাকে তুলে এনে জাতীয় দলে সুযোগ করে দেওয়ার পেছনে সারোয়ার ইমরান স্যারের ভূমিকা ছিল সবচেয়ে বড়। তাঁর প্রতি আমি কৃতজ্ঞ।”২০০৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া রুবেল হোসেন দেশের হয়ে তিন ফরম্যাট মিলিয়ে ১৯৩টি উইকেট শিকার করেন। গত কয়েক বছর ধরে জাতীয় দলের বাইরে থাকলেও দীর্ঘদিনের অভিজ্ঞতা ও অবদানের জন্য তাকে ঘিরে এই বিদায়ী আয়োজন হয়ে ওঠে এক আবেগঘন বিদায়মঞ্চ।