উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগেই ফুটবল পেল এক স্মরণীয় রাত। নয় গোলের অবিশ্বাস্য লড়াইয়ে প্যারিস সেইন্ট-জার্মেইন ৫-৪ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন মিউনিখ-কে। সেমিফাইনাল ইতিহাসে এটিই সর্বোচ্চ গোলের ম্যাচ।প্যারিসের পার্ক দে প্রিন্সেস-এ শুরু থেকেই ছিল আক্রমণ পাল্টা আক্রমণের ঝড়। ১৭ মিনিটে পেনাল্টি থেকে দলকে এগিয়ে নেন হ্যারি কেইন। তবে দ্রুতই ম্যাচে ফেরে পিএসজি। জোড়া গোলে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন খিভিচা কভারাসখেলিয়া, আর কর্নার থেকে হেডে গোল করেন জোয়াও নেভেস।প্রথমার্ধেই নাটকীয়তা থামেনি। উসমান দেম্বেলে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন, এর আগে সমতায় ফিরিয়েছিলেন মাইকেল ওলিসে।দ্বিতীয়ার্ধে পিএসজি যেন ঝড় তোলে। কভারাসখেলিয়ার দ্বিতীয় গোল এবং দেম্বেলের নিচু শটে ব্যবধান দাঁড়ায় ৫-২। গোলপোস্টে দাঁড়ানো ম্যানুয়েল নয়্যার তখন অসহায় দর্শক।তবে লড়াই ছাড়েনি বায়ার্ন। দায়ো উপামেকানো হেডে গোল করে ব্যবধান কমান। পরে ব্যক্তিগত নৈপুণ্যে গোল করে দলকে ম্যাচে ফেরান লুইস দিয়াজ। শেষ দিকে সমতায় ফেরার সুযোগ পেলেও পোস্টে লেগে ফিরে আসে বায়ার্নের শট।এই জয়ে এগিয়ে থাকলেও নিশ্চিন্ত নয় পিএসজি। আগামী লেগে আলিয়াঞ্জ অ্যারেনা-তে ঘুরে দাঁড়ানোর আশা রাখছে বায়ার্ন। ফলে ফাইনালের টিকিট নির্ধারণে অপেক্ষা করছে আরেকটি উত্তেজনাপূর্ণ লড়াই।