খুলনার দাকোপ উপজেলা ও চালনা পৌরবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ নিরসনে চালনা ক্যানেলের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দাকোপ উপজেলা ও চালনা পৌরসভা বিএনপির উদ্যোগে এই জনকল্যাণমূলক কর্মসূচির আয়োজন করা হয়।বৃহস্পতিবার (৭ মে) বেলা সাড়ে ১১টায় চালনা লেকের পাড়ে এক উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। চালনা পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ মোজাফফার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন খুলনা-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব আমীর এজাজ খান।প্রধান অতিথির বক্তব্যে আমীর এজাজ খান বলেন, “জনগণের দুর্ভোগ লাঘবে বিএনপি সবসময় পাশে ছিল এবং থাকবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে আমরা সাধারণ মানুষের মৌলিক সমস্যাগুলো সমাধানে কাজ করে যাচ্ছি। চালনা ক্যানেলটি পরিষ্কারের মাধ্যমে পৌর এলাকার মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে। কচুরিপানা অপসারণের পর পানি ব্যবহারযোগ্য করতে যা যা করণীয় তার সবটুকুই করা হবে।”অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও চালনা পৌরসভার প্রশাসক মোঃ বোরহান উদ্দিন মিঠু, উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল মান্নান খান এবং দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রকাশ বোস।এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান মোস্তাক, আয়ুব আলী কাজি, নুর হোসেন, আমিনুল ইসলাম বুলবুল, আব্দুর রাজ্জাক শেখ, দেলোয়ার হোসেন, আব্দুল বারিক সরদার, বদিয়ার হোসেন, আজিম হাওলাদার, রবিউল ইসলাম মনা, রতন রায় এবং জি এম রুম্মনসহ দাকোপ উপজেলা ও চালনা পৌরসভা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।বক্তারা বলেন, ক্যানেলে কচুরিপানা জমার কারণে দীর্ঘ সময় পানির স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছিল এবং সাধারণ মানুষ পানি ব্যবহার করতে পারছিল না। এই উদ্যোগের ফলে স্থানীয় বাসিন্দারা ও ব্যবসায়ীরা ব্যাপকভাবে উপকৃত হবেন। সভা শেষে প্রধান অতিথি ক্যানেলে কচুরিপানা পরিষ্কার কার্যক্রম সরজমিনে তদারকি করেন।